গাজীপুরের শ্রীপুর পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের চাচা শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জানান, ফারুক কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় সিগারেটের বিক্রয় প্রতিনিধির গুদামে শ্রমিকের কাজ করতো। আজ সকাল সাড়ে ৯টায় ফারুক কারখানার উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে স্থানীয় সুমন, বাবুল ও তার ৮/১০ জন সহযোগী মাওনা-বারতোপা সড়কের মসজিদ মোড়ে ফারুককে পথরোধ করে। এরপর তাকে জোর করে পিকআপে তুলে কড়ইতলা বাজারে নিয়ে প্রকাশ্যে লোহার রড, চাপাতি, দা ও ছুরি দিয়ে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিয়া মাসনাজ জানান, হাসপাতালে আনার আগেই ফারুকের মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থলে দুজন উপ-পরিদর্শককে (এসআই) পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’








