নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বার্মাস্ট্যান্ড ও জালকুড়ি এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে ও সকালে লাশদুটি উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বার্মাস্ট্যান্ড এলাকার একটি পুকুরে এক পুঙ্গু ব্যক্তির (৩৫) লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অপরদিকে, একই দিন বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন (৩৮) লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ কর্মকর্তা আজিজুল হক জানান, বার্মাস্ট্যান্ড এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পুঙ্গু এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি গোসল করতে ওই পুকুরে নেমেছিল। পরে পানিতে ডুবে মারা গেছেন। তবুও আমরা মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশটি মর্গে পাঠিয়েছি। তিনি আরও জানান, জালুকড়ি থেকে উদ্ধার হওয়া লাশটি ছিন্নভিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হলে তার ওপর দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করায় লাশটি ছিন্নভিন্ন হয়ে যায়। ছিন্নভিন্ন লাশটিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, জালকুড়িতে উদ্ধার হওয়া ছিন্নভিন্ন লাশটির আঙ্গুল ও অন্যান্য অঙ্গপতঙ্গ দেখে পুরুষের লাশ হিসেবে শনাক্ত করা গেছে। তার বয়স ৩০ থেকে ৩৮ বছরের মধ্যে হবে।








