নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফাতেমা আক্তার (১৮) নামে এক নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ নভেম্বর) রাতে উপজেলার মাইলাবো মাঝিনা এলাকা থেকে ওই নববধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই ওই নববধূর স্বামীসহ শশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন সরকার এসব তথ্য জানান।
নিহত নববধূ ফাতেমা উপজেলার সুরিয়াবো এলাকার মোস্তফা মিয়ার মেয়ে।
ফাতেমার বাবা মোস্তফা মিয়ার দাবি, ‘দুই মাস আগে আমার মেয়ের সঙ্গে মাইলাবো মাঝিনা এলাকার আব্দুর রহিজের ছেলে আব্দুর রহিমের বিয়ে হয়। আব্দুর রহিম একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। কয়েক দিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আব্দুর রহিমের সঙ্গে ফাতেমার ঝগড়া চলছিল। আব্দুর রহিমসহ তার স্বজনরা ফাতেমাকে শারীরিক নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেছে।’
এসআই রিপন সরকার জানান, রাতে শশুরবাড়ি থেকে গৃহবধূ ফাতেমার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফাতেমার শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে। এ ছাড়া, তার গলার একটা অংশ ফোলা। ঘটনার পর থেকেই ফাতেমার স্বামী আব্দুর রহিমসহ তার শশুর বাড়ির লোকজন পলাতক। এ ঘটনায় শশুর আব্দুর রহিজকে আটক করেছে পুলিশ।








