মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আলাউদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে একটি শোক র্যালি বের হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাসের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণসহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাসানীর মাজার প্রাঙ্গণ এলাকায় শিরনি বিতরণ করা হয় এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ নভেম্বর ২০১৮ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে ‘মাওলানা ভাসানীর রাজনীতি ও তার ব্যক্তি জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।








