আসন্ন নির্বাচনে বিবেকের ভোট পেলে ব্যালটের ভোটও পাবো বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘অভিযোগের ভাঙা রেকর্ড ফের বাজানো শুরু করেছে বিএনপি। নির্বাচনে পরাজিত হলে তাদের এ রেকর্ড আরও বেশি করে বাজবে। আর জয়লাভ করলে বলবে, নির্বাচন সুষ্ঠু হলে তারা আরও বেশি ভোট পেতো।’
শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয় উচ্চ বিদ্যালয় অডিটেরিয়ামে এক সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে। বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির কাজ কি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা? তারা এখন নির্বাচনকে বানচাল ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার নানা ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের কথাবার্তা কিছুই বোঝা যাচ্ছে না। তারা মনোনয়নপত্র নেওয়ার নামে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশের গাড়ি ভাঙচুর করেছে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগেও বিএনপি নেতারা ঘোষণা দিয়ে বলেছেন যে, শত শত নেতাকর্মী নিয়ে তারা মাঠে থাকবেন এবং ভোটকেন্দ্র পাহারা দেবেন। কিন্তু তাদের এই ঘোষণা একটি অশনি সংকেত। নির্বাচনের দিন ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবে। বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন থাকবে। নারী-পুরুষ সবাই আনন্দঘন পরিবেশে ভোট দেবে। ঘোষণা দিয়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়া আর হানাহানি করা একই কথা। এসব উসকানিমূলক কথাবর্তার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা।’
তিনি বলেন, ‘আমরা বিবেকের ভোট পেলে ব্যালটেরও ভোট পাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে, তাতে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। দেশে এখন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। আমরা এই পরিবেশ ৩০ ডিসেম্বরে নিয়ে যেতে চাই। কোনও রকম সন্ত্রাস ও উসকানি চাই না। অনেকে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে। কিন্তু সেই ফাঁদে পা না দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাই।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন– ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আজম খান বারকু, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম-আহ্বায়ক আইকে শাহিন, ডা. ইকতিয়ার আহমেদ শাওন, হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।








