নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে আগুনের ঘটনায় গঠিত দুইটি তদন্ত কমিটির মধ্যে বিআইডব্লিউটিএ’র তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে তদন্ত কমিটি প্রধান বিআইডব্লিউটিএ’র পরিচালক (পোর্ট) শফিকুল হকের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। এসময় তারা গুদাম এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো পর্যবেক্ষণ করেন।
এর আগে শুক্রবার রাতে নৌ-মন্ত্রণালয় থেকে গঠিত অপর তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী তীরের বিআইডব্লিউটিএ’র গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুনে গুদাম এলাকায় রাখা বিপুল পরিমাণ ড্রেজিংয়ের প্লাস্টিক পাইপ, রাসায়নিক কেমিক্যাল ও দুটি গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। ঢাকা ও নারায়ণগঞ্জের দমকলকর্মীদের ১৬টি ইউনিট সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের ঘটনা ঘটেছিল, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
নৌমন্ত্রী জানান, আগুনে ১৫ কোটি টাকার ড্রেজিং পাইপ পুড়ে গেছে। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।








