গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি থেকে নয় প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। এরমধ্যে চারটি আসনে দুইজন করে হলেও গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে একজন প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
তিনি হলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। রবিবার (২৫ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নামে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
তারা হলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম জিয়া ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম।
গাইবান্ধা-২ (সদর) আসনে খন্দকার আহাদ আহমেদ, সহ-সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি ও মাহামুদুন্নবী টিটুল, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবাইদুল হক ও সাধারণ সম্পাদক ফারুক কবির আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ।
এছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে কৃষকলীগ থেকে সদস্য বিএনপিতে যোগদান করা ফারুক আলম সরকার ও জেলা বিএনপির সদস্য হাসান আলীর মনোনয়নের চিঠি পেয়েছেন।
এবিষয়ে জেলা বিএনপির সভাপতি, গাইবান্ধা-৩ আসনের দলের একক মনোনয়ন প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, ‘প্রত্যেকটি আসন দখল করাই প্রধান লক্ষ্য। কৌশলগত কারণে দু’জনের নামে চিঠি দেওয়া হয়েছে। তবে চুড়ান্তভাবে আসনগুলোতে একক এবং ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা হবে দলের সিদ্ধান্তেই। তবে যাকেই চুড়ান্ত করা হবে তার পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে।’
এছাড়া দল তাকে একক প্রার্থী ঘোষণা করায় খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে সুষ্ঠু ও নিরপেক্ষে নির্বাচন হলে প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটে জয়ী হয়ে আসনটি দলকে উপহার দিতে পারবেন বলেও তিনি আশা করেন।








