রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ১৮ জন। এর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তারা এ তথ্য জানান।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্রে ভোটার নম্বর ও আয়ের বিবরণ না থাকায় ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী নাজমুল হক খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে, রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দিন মিয়ার মনোনয়নপত্রে শতকরা এক ভাগের কম ভোটারের স্বাক্ষর থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রাজবাড়ী-১ আসনের যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী, বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও অ্যাডভোকেট আসলাম মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের মো. জুয়েল রানা, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. জাহাঙ্গীর আলম খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান হাসান।
রাজবাড়ী-২ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকীম, বিএনপির নাসিরুল হক সাবু, হারুন অর রশিদ ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, জাতীয় পার্টির অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. নাজমুল হাসান, গণফোরামের ইমামুজ্জামান চৌধুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশের নুর মুহম্মদ ভুইয়া, জাসদের সুশান্ত কুমার সরকার ও জাসদ (রব) এর খন্দকার ছদরুল হাসান।
রবিবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে মনোনয়ন বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় রাজবাড়ীর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশেক হাসান ও সিনিয়ার সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমসহ ১৮ জন প্রার্থী উপস্থিত ছিলেন।








