একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিন গাজীপুরের ৫টি আসনের ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বিভিন্ন অভিযোগে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ও গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ভাওয়াল সম্মেলন কক্ষে রবিবার সকাল থেকে প্রার্থী ও প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই কাজ শুরু করেন। গাজীপুরের ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইকালে বিভিন্ন অভিযোগে মোট ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন গাজীপুর- ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দীন সিকদার, বাংলাদেশ মুসলিম লীগের মো. হুমায়ূন কবির ও কৃষক শ্রমিক জনতা লীগের আলী হোসেন মন্ডল। গাজীপুর- ২ আসনে জাতীয় পার্টির মো. জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট মাহবুব আলম। গাজীপুর- ৩ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুর রহমান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর জহিরুল হক মন্ডল (বাচ্চু)। গাজীপুর-৪ আসনে জাতীয় পার্টির মোশারফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন। গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু আশরাফ ভূঞা।
মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা যেসব বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে- স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ স্বাক্ষর সম্বলিত তালিকা জমা না হওয়া, দলীয় প্রার্থীদের হলফনামায় স্বাক্ষর না থাকা, দলীয় মনোনয়নপত্রে সিল না থাকা, মামলা সংক্রান্ত ও ব্যক্তিগত তথ্য গোপন করা এবং বিদ্যুৎ বিল খেলাপ।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
বাছাই শেষে ৩৯ বৈধ প্রার্থী: গাজীপুরের ৫টি আসনের মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ৩৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে গাজীপুর-১ আসনে রয়েছেন- আওয়ামী লীগের অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক, বিএনপির তানভীর আহমেদ সিদ্দিকী ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, ইসলামিক আন্দোলন বাংলাদেশের আবুল বাশার, ওয়ার্কার্স পার্টির আব্দুল মজিদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আরিফুল ইসলাম, গণফ্রন্টের আতিক মাহমুদ, তরিকত ফেডারেশনের হাসান উদ্দিন, বাসদের রাহাত আহম্মেদ, জাতীয় পার্টির শরিফুল ইসলাম ও গণ ফোরামের রফিকুল ইসলাম।
গাজীপুর-২ আসনের প্রার্থীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল, বিএনপির এম মঞ্জুরুল করিম রনি ও সালাহ উদ্দিন সরকার, ইসলামিক আন্দোলন বাংলাদেশের হারুন অর রশিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জিয়াউল কবীর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আবদুল কাইয়ুম ও বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান নূর।
গাজীপুর-৩ আসনের মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের ইকবাল হোসেন সবুজ, বিএনপির অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, ইসলামিক আন্দোলন বাংলাদেশের রহমত উল্লাহ, জাকের পার্টির নাসির উদ্দিন, তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আফতাব উদ্দিন আহমেদ ও বাসদের এসএম মফিজ উদ্দিন আহম্মদ।
গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি, বিএনপির শাহ রিয়াজুল হান্নান, ইসলামিক আন্দোলন বাংলাদেশের নূরুল ইসলাম সরকার, জাকের পার্টির জুয়েল কবির, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মানবেন্দ্র দেব ও জাতীয় সমাজতান্ত্রিক দলের নাজিম উদ্দিন শেখ।
গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের মেহের আফরোজ, বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির, ইসলামিক আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, জাকের পার্টির আমিনুল ইসলাম মাহমুদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান।








