নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে থেকে চুম্বকের সাহায্যে অভিনব কৌশলে মাদক পাচারের সময় সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফোরকান (২৮) ও লায়লা বেগম (৪০)। সোমবার ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে র্যাব-১১ চেকপোস্টে চট্টগ্রাম থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বিলাসবহুল ডাবল ডেকার এসি কোচে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এএসপি মো. নাজমুল হাসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. ফোরকান চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বাসের সিটের তলায় চুম্বক লাগিয়ে অভিনব কায়দায় কক্সবাজার থেকে ইয়াবা এনে তা ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। সে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক পাচারে সহায়তা করার জন্য তার সঙ্গে লায়লা বেগম নামে এক নারী সহযাত্রীকে নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে র্যাব জানায়।








