একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনে সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ-০২ আসনে ডা. কে এম বাবরকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীরা ক্ষুব্দ। শনিবার সকালে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও বিএনপি থেকে মনোনয়ন পাওয়া দুই প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার সকালে গোপালগঞ্জ-০১ আসনে সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ-০২ আসনে ডা. কে এম বাবরকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে শহরের চৌরঙ্গী থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে তাদের সমর্থক নেতাকর্মীরা।
তারা গোপালগঞ্জ-০১ আসনের প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর ও গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এর আগে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মনসুর আলী।
এসময় সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলুল কবীর দারা, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন হীরা, জেলা শ্রমিক দলের সভাপতি আজিজুর রহমান আজিজ উপস্থিত ছিলেন।








