মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সোমবার (১৭ ডিসেম্বর) ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কুতুবপুর বাজারে একটি গার্মেন্টেসের দোকান থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ওই বাজারের গার্মেন্টস, টেইলার্স, হার্ডওয়্যারসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান ও থানার ওসি (তদন্ত) শাহজাহান মিয়াসহ জনপ্রতিনিধিরা।
মাদারীপুরের শিবচর থানার ওসি (তদন্ত) শাহজাহান মিয়া জানান, স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কুতুবপুর বাজারের ব্যবসায়ীদের এই আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।








