গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসনে বিএনপি নেতাকর্মীদের গায়েবি মামলার আসামি এবং পুলিশি হয়রানির প্রতিকার চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ইকবাল সিদ্দিকী। সোমবার (১৭ ডিসেম্বর) রিটার্নিং কর্মকতা ও গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের কাছে চিঠি দেন তিনি।
চিঠিতে ইকবাল সিদ্দিকী উল্লেখ করেছেন, পুলিশি হয়রানির কারণে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নির্বাচনি মাঠে টিকে থাকাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এস এম রুহুল আমিন। এসময় গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এছাড়া পুলিশ জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে। এতে নেতাকর্মীদের মনে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ১৩ ডিসেম্বর গভীর রাতে গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে প্রদর্শন না করেই তার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার এবং যুগ্ম-আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেবকে শ্রীপুর পৌরসভার ভাঙনাহাটি এলাকার তাদের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদেরকে রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার মোটরসাইকেল পোড়ানোর পুরনো এক গায়েবি মামলায় আদালতে পাঠায়। এছাড়া জয়দেবপুর থানায় বেশ কয়েকটি মাদক মামলায় বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
রিটার্নিং কর্মকতা জানান, এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।








