নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রবিবার (২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের মহজোটের প্রার্থী গোলাম দস্তগীর গাজী ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন। এতে নেতৃত্ব দেন কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, মতিন মিয়া, মোবারক হোসেন ও রবি।
এদিকে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কাঞ্চন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গোলাম দস্তগীর গাজীর সঙ্গে প্রচারণায় অংশ নেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান চৌধুরী। পরে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার সভাপতিত্ব করেন।








