গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারে সারাহ কম্পোজিট মিলস লিমিটেড কারখানার (পাটজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান) আগুন নিয়ন্ত্রণের এসেছে। সোমবার (২৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় জয়দেবপুর, শ্রীপুরের মাওনা ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন এই তথ্য জানান।
এর আগে সোমবার ভোর ৬টার দিকে কারখানায় আগুন লাগে। ব্রেকিং কার্ড কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনে প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, বেলা সোয়া ১১টায় জয়দেবপুর, শ্রীপুরের মাওনা ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
তিনি বলেন, প্রথমে ওই কারখানার শেডে আগুন লাগে। পরে দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। গুদামে থাকা সূতা, পাট ও পাটজাত পণ্য, বিভিন্ন দাহ্য উপকরণ, কারখানার ভেতরে থাকা মেশিন ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন।








