টাঙ্গাইলের সখীপুরে ঐক্যফ্রন্টের ১৩ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সখীপুর থানার ওসি আমির হোসেন এই তথ্যটি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়বাঙলা বাজারে নৌকা প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন বাদী হয়ে ৮৪ জনকে আসামি করে সখীপুর থানায় নাশকতার মামলা করে।
মামলার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঐক্যফ্রন্টের ১৩ জন সমর্থককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাজীরামপুর গ্রামের শামীম আহমেদ, জিতেশ্বরী গ্রামের দেলোয়ার হোসেন, গোহাইলবাড়ী গ্রামের নজরুল ইসলাম, একই গ্রামের সোহেল রানা, নলুয়া গ্রামের নাসির উদ্দিন, একই গ্রামের জিয়ার উদ্দিন, সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম শাফী, একই ওয়ার্ডের আব্বাছ উদ্দিন, যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম বিট্টু, কালিয়ান গ্রামের আসলাম শিকদার নোবেল, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিন ও একই ওয়ার্ডের আশরাফ আলী।
সখীপুর পৌর যুবদলের সভাপতি কামরুল শিকদার জানান, গ্রেফতার ১৩ জন বিএনপি ও যুব দলের নেতাকর্মী।








