নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি তাজা ককটেলসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।
গ্রেফতার ডাকাতরা হলো, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মরদাসাদী গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে ডাকাত সর্দার শের আলী, একই গ্রামের মাঈন উদ্দিনের ছেলে ফালান, ঝালাকান্দি গ্রামের রফিকুলের ছেলে আব্দুর রহিম, জোয়ারদিয়া গ্রামের মৃত জামালের ছেলে সজীব, গাজীপুরা গ্রামের আ. বারেকের ছেলে কাউসার ও একই গ্রামের মৃত হান্নানের ছেলে কাউছার।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকার ব্যবসায়ী আসান আলীর বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল রবিবার রাত আড়াইটার দিকে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদারের নেতৃত্বে পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের ঘেরাও করে। এ সময় ডাকাত সর্দার শের আলীসহ ছয় ডাকাতকে দুই রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও ছয়টি হাতবোমা, দুই ফুট লম্বা একটি লোহার তৈরি কাওয়াল, ২টি ছোরা, একটি হেক্সো ব্লেড, একটি কাটার, ২টি কাঁচি উদ্ধার করা হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সোমবার দুপুরে সোনারগাঁ থানার এসআই আব্দুল হক শিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, ডাকাত সর্দার শের আলীর বিরুদ্ধে সোনারগাঁসহ দেশের বিভিন্ন থানায় ১০-১২টি মামলা রয়েছে। পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








