গাজীপুরের শ্রীপুরে ডিশ ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া (নতুনবাজার) এলাকায় স্থানীয় সিরাজুল ইসলাম ও হাজী জামাল উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিরাজুল ইসলামের পক্ষের- সিরাজুল ইসলাম (৫৫), ফারুক মৃধা (৩৩), আবু বকর রনি (১৯), ওমর ফারুক (১৭), এবং হাজী জামাল উদ্দিনের পক্ষের- ইসলাম উদ্দিন (৫৫), নাসির উদ্দিন (৫০), আশরাফুল ইসলাম (৩০), মোজাম্মেল হক (২৮), খলিলুর রহমান (৩৫) ও হাফিজ উদ্দিন (৩৮)। আহতদের প্রাথমিকভাবে স্থানীয় বাঘের বাজার কাজী হাসপাতাল ভর্তি করা হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় সিরাজুল ইসলাম ও হাজী জামাল উদ্দিন পক্ষের লোকজন দা, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সিরাজুল ইসলামের কন্যা নাসিমা আক্তার জানান, তাদের এলাকায় প্রথমে তার বাবা সিরাজুল ইসলাম নিজ নামে এ ব্যবসা শুরু করেন। ক্ষমতার প্রভাব দেখিয়ে জামাল হাজী নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসাটি ছিনিয়ে নেয়। বার বার ব্যবসাটি ফিরিয়ে দেওয়ার কথা বললেও জামাল হাজী এতে কর্ণপাত করেনি। সোমবার সন্ধ্যার দিকে এ নিয়ে কথা বলতে চাইলে জামাল হাজী ও তার লোকজন তার বাবা ও স্বজনদের কুপিয়ে আহত করেন।
জামাল হাজীর ভাই আহত হাফিজ উদ্দিন জানান, তাদের অভিযোগগুলো সঠিক নয়। আমরা প্রথম থেকেই এ ব্যবসা করে আসছি। ঘটনার সময় সিরাজুল ইসলাম তার লোকদের নিয়ে আমাদের বাড়ির ডিশ কন্ট্রোল রুমে হামলা করে। এতে বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া জানান, খরব পাওয়ামাত্র ঘটনাস্থলে ফোর্স নিয়ে চলে যায়। দুই পক্ষের আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কাউকে গ্রেফতার বা কোনও পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।








