কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গ্রাম্য বিচারকের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। লাঠির আঘাতে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৯ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে প্রেরণ করেন।
হতভাগ্য ওই যুবকের নাম মো. রাতুল হোসেন। তার বাবার নাম মো. কাবুল হোসেন। রাতুলের বাড়ি হযরতপুর ইউনিয়নের মানিক নগর এলাকায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের হোসেন জানান, গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে মানিক নগর এলাকায় নিহত রাতুল হোসেন অন্যান্য যুবকদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় অজ্ঞাত এক যুবক মদ পান করে তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করলে ওই ব্যক্তির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে পরদিন বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিক নগর এলাকায় একটি ক্লাবে শালিস বসে।
শালিস চলাকালে মো. শহা আলম শাহা (৫০) নামে এক ব্যক্তি লাঠি দিয়ে রাতুল হোসেনকে এলোপাতাড়িভাবে পেটাতে থাকেন। এতে রাতুল মাথায় গুরুতর আঘাত পান। পরে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় শাহ আলম শাহাকে প্রধান আসামি করে একটি মামলার প্রস্তুতি চলছে।








