গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২১ আগস্টে গ্রেনেড হামলা মামলার আসামি পুলিশের সাবেক দুই মহা-পরিদর্শক (আইজিপি) মো. শহুদুল হক ও মো. আশরাফুল হুদা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকালে তারা মুক্তি পান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারা দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বুধবার রাতে সাবেক দুই আইজিপির জামিনের আদেশের কপি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছে। পরে সেই আদেশের কপি যাচাইবাছাই শেষে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। তাদের গত বছরের ১৮ সেপ্টেম্বর এ কারাগারে পাঠানো হয়েছিল।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলায় দুই বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চান আশরাফুল হুদা ও শহুদুল হক। শুনানি নিয়ে হাইকোর্ট তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে গত সোমবার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে দুই জনের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশও স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গতকাল বুধবার চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দেওয়ায় উচ্চ আদালতের আদেশ বহাল থাকে।
১৪ বছর পর গত বছরের ১০ অক্টোবর এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়।
২০০৪ সালের ২১ আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির বহু নেতা-কর্মী আহত হন।







