গাজীপুরের কালীগঞ্জে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। শনিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুন লাগে। কালীগঞ্জ পৌরসভার মহিলা ডিগ্রী কলেজের বিপরীত দিকের একটি মার্কেটে এ ঘটনা ঘটেছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন খান জানান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে কালীগঞ্জ ও নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে মার্কেটে থাকা আবিদ হোসেনের হোমিও দোকান, মঞ্জুরের ফার্নিচারের দোকান, সাবেক ইউপি সদস্য কবির হোসেনের ডেকোরেটরের দোকান, সেলিমের মোটর গ্যারেজ ও উসমানের মাংসের দোকান পুড়ে যায়।








