নরসিংদীর পলাশে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী এরশাদুল ইসলামকে আটক করেছে পুলিশ। খুন হওয়া গৃহবধূর নাম শাহানাজ আক্তার (২৪)।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এরশাদুল ইসলামকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ সদর উপজেলা থেকে আটক করা হয়। এরশাদুল ইসলাম পলাশ উপজেলার চরকা টেক্সটাইলে শ্রমিকের কাজ করতেন। তিনি ডাঙ্গা ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফরমান আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। গত ৭ জানুয়ারি দুপুরে শাহানাজ আক্তার তার স্বামীর কাছে সন্তান ও নিজের জন্য নতুন কাপড় কিনে দেওয়ার কথা বললে কলহ সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে এরশাদুল ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহানাজকে হত্যা করে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যান। প্রতিবেশীরা সারা দিন তাদের কোনও খোঁজ-খবর না পেয়ে রাতে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা আরও জানান, ঘটনার পর থেকে এরশাদুল ইসলাম পালিয়ে ছিলেন। শনিবার রাতে (২ ফেব্রুয়ারি) পলাশ থানার এস আই জহিরুল ইসলাম নবাবগঞ্জ সদর উপজেলা থেকে তাকে আটক করেন। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এরশাদুলকে আদালতে পাঠালে তিনি ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।








