আশুলিয়ায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে গাজীরচট এলাকার ৬০/৭০ জনের একদল বাহিনী ওই ব্যবসায়ীর গতিরোধ করে তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) আনোয়ারের স্ত্রী মাহমুদা আক্তার মুক্তা বাদী হয়ে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আনোয়ার হোসেন ও তার পরিবারের দাবি, ১ ফেব্রুয়ারি সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন ডিশ ব্যবসাকে কেন্দ্র করে তার মোবাইলে হুমকি দেয়। পরের দিনও তাকে ফের হুমকি শাহদাৎ। বুধবার রাতে গাজীরচট এলাকায় তার ডিশ লাইনের কিছু সংযোগ কেটে দেয় শাহাদাতের লোকজন। এ খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলের দিকে রওনা দিলে ভাইস চেয়ারম্যানের প্রায় ৬০/৭০ জন লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে ওই ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আনোয়ারের অভিযোগ, ভাইস চেয়ারম্যান প্রার্থী তাকে মুঠোফোনে হুমকি দেওয়ার কথাগুলো তিনি রেকর্ড করে রেখেছেন। বিষয়টি জানার পর শাহাদাৎ আরও ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়। ওই সময় তিনি কক্সবাজার ছিলেন। মুঠোফোনে কক্সবাজার থেকে ফিরে এসে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার ৭ দিনের মধ্যেই তার ওপর হামলা হয়।
তবে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ‘সে আমার নিকট আত্মীয়। এ কারণে তাকে এসব বিষয় এড়িয়ে যাওয়ার কথা বলেছি।’ তবে তার লোকজন হামলা চালানোর বিষয়টি তিনি অস্বীকার করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








