আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর ছয় উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দলীয় সভানেত্রীর কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে তিনজন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, দুইজন সাবেক চেয়ারম্যান ও একজন নতুন মুখ। জেলা আওয়ামী লীগের নেতারা ও মনোনয়নপ্রাপ্তরা এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, নরসিংদী সদর উপজেলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূঁইয়া, পলাশ উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, শিবপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, মনোহরদী উপজেলায় বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, বেলাব উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূঁইয়া রিটন ও রায়পুরা উপজেলায় বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
নির্বাচন কমিশনের তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। জেলার ৬ উপজেলায় ভোটগ্রহণ হবে ২৬ মার্চ।








