সাভারে বন্ধুদের ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামের এক স্কুল ছাত্র খুন হয়েছে। শুক্রবার রাতে সাভারের চাপাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার (২ মার্চ) সকালে রাজফুলবাড়িয়া এলাকা থেকে সোহাগের দুই মিঠু ও প্রান্তকে আটক করেছে পুলিশ।
সোহাগ পৌর এলাকার শাহীবাগ মহল্লার স্টুডেন্ট স্কুল অব বাংলাদেশ নামের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
সোহাগের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার রাতে সাভারের সিএন্ডবি এলাকায় একটি অনুষ্ঠান থেকে বের হয়ে বাড়ি ফিরছিল তিন বন্ধু। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিঠু ও প্রান্ত সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনা একটি হত্যা মামলা হয়েছে এবং জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।








