মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। শনিবার বিকালে উপজেলার কাদিরপুরে এ ঘটনা ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ খবর নিশ্চিত করেন।
নিহত নারীর নাম করিমন বেগম (৬০)। তিনি কাদিরপুরের মৃত আনেছ ঢালীর স্ত্রী।
পুলিশ জানায়, দুপুরে কাদিরপুর ইউনিয়নের কালাই মাদবরেরকান্দি গ্রামের কাদির শেখের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে ঘরের ভেতর থাকা আনেছ ঢালীর স্ত্রী করিমন বেগম দগ্ধ হন। এসময় নেভানোর চেষ্টার সময় কাদির শেখের স্ত্রী কুলসুম বেগমও দগ্ধ হন। তাদের দুজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক করিমন বেগমকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া, দগ্ধ কুলসুমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে দগ্ধ হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া, আগুনে ৪টি বসতঘর ও মূল্যবান অনেক মালামাল পুড়েছে।








