নরসিংদীর পলাশ শিল্প এলাকার ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। পাটকল শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধ ও পাট কেনার টাকাসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়।
সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় মিলের উৎপাদন বন্ধ রেখে প্রায় তিন হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল বের করে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে মিলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিলের সিবিএ’র সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি সাহেব আলী, যুগ্ম সম্পাদক আলম মিয়া ও হারুন অর রশিদসহ অনেকে।
সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিকদের গ্রাচ্যুইটির টাকা ও পাট কেনার টাকা সহ নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
আগামী ১২ মার্চ ধর্মঘট পালনের সমর্থনে ১০ মার্চ লাল পতাকা মিছিল এবং ১২ ও ১৩ মার্চ এই দু’দিন ধর্মঘট পালনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে জানান বক্তারা।








