যমুনা নদীতে ইলিশ মাছ ধরায় ১৩ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
ইউএনও সাবরিনা শারমিন জানান, মঙ্গলবার (১২ মার্চ) রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ও বাঘুটিয়া এলাকায় যমুনা নদী থেকে ২১ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ কেজি জাটকা ইলিশ ও ৬০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে ১২ জনকে ৭ দিন করে ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৩ জনের মধ্যে ৮ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। উদ্ধার মাছ এতিমখানায় বিতরণ ও ৬০ হাজার মিটার জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আক্কাছ সরদার, সাইদ হোসেন, মিরাজ সরদার, আলামীন সেক, নজরুল ইসলাম, আলিফ হোসেন, বাবুল হোসেন, অরুন হলদার, জিয়া মন্ডল, ফারুক সরদার ও রাজ কুমার।
অভিযানে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম ও বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।








