ফরিদপুর সদরে পদ্মা নদীর পাড় থেকে রাজু মীর (২৬) নামে এক যুবকের গলাকাট লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে ডিক্রীরচর ইউনিয়নের ধলারমোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু মীর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার সোহরাব মীরের ছেলে।
ওসি নাসিম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাজু নিখোঁজ ছিল। বুধবার দিবাগত রাতে ২টার দিকে নিজ মোবাইল থেকে একটি মেসেজ পাঠায় সে। যাতে লেখা ছিল ‘আমার বন্ধু আসিফকে খুজঁলেই আমার খোঁজ পাওয়া যাবে।’
ওসি জানান, এরপর স্বজনরা আসিফ শেখের বাসায় যায়। তার হাতে ব্যান্ডেজ দেখে স্বজনদের সন্দেহ হয়। পুলিশকে তারা ব্যাপারটি জানান। সেখানে গিয়ে পুলিশ আসিফকে আটক করে। এরপর তার কথামতো বৃহস্পতিবার সকালে পদ্মার তীর থেকে রাজুর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এখনও তা জানতে পারেনি পুলিশ।








