কাশিয়ানীর ওড়াকান্দিতে লাখ লাখ ভক্তের সমাগমে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৮তম জন্মতিথিতে স্নানোৎসব ও মহাবারুনীর মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় স্নানোৎসব ও মেলা। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্নানোৎসব এবং মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সকাল সোয়া ৯টায় হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি ও স্নানোৎসব কমিটির সভাপতি হিমাংশুপতি ঠাকুর স্নানোৎসবের উদ্বোধন করেন। স্নান চলবে আগামীকাল বুধবার বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত। এই উৎসবকে সঠিকভাবে সম্পন্ন করতে ঠাকুরবাড়ি এলাকায় উঁচু পর্যবেক্ষণ চৌকি ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তাদের পাশাপাশি মতুয়া সংঘের ৪ শতাধিক স্বেচ্ছাসেবক সার্বিক দায়িত্ব পালন করছেন।
এখানকার বড় বড় দুটি পুকুরে লাখ লাখ মঁতুয়া ভক্ত ও হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা পাপমোচনের আশায় স্নান করছেন। স্নানোৎসব উপলক্ষে ঠাকুরবাড়ির আশপাশে বসেছে মহাবারুনী মেলা। মেলা চলবে তিনদিন। মেলায় কুটিরশিল্প সামগ্রী, খাদ্যসামগ্রীসহ রয়েছে নানা জিনিসের দোকান।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, অনুষ্ঠানটি নিরবচ্ছিন্ন করতে দুইশ’ পুলিশের একটি শিপটিং তালিকা তৈরি হয়েছে। এছাড়া কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকও রয়েছে।








