স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই একটা সুস্থ জাতি দরকার। জীবনে ভালো কিছু করতে হলে দুইটা জিনিস প্রয়োজন। একটি হলো লেখাপড়া আর অন্যটি হলো সুস্থ শরীর। কারণ যারা সুস্থ থাকে না, তাদের লেখাপড়া তো হবেই না; একইসঙ্গে তারা তাদের জীবনের কোনও আশাও পূরণ করতে পারবে না। কাজেই যারা শিক্ষার্থী, তাদের অবশ্যই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। যারা মেধাবী ও শারীরিকভাবে সুস্থ থাকবে, তারাই দেশ গঠন করতে পারবে।’
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বিকেজি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘লেখাপড়া মানুষকে শেখায় কোনটা ন্যায় আর কোনটা অন্যায়; কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর এই জ্ঞানটুকু আমরা শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। প্রধানমন্ত্রীর বদৌলতে শিক্ষায় অনেক এগিয়েছি আমরা। বিনামূল্যে বই দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের বৃত্তি ও উপবৃত্তিও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বিদ্যালয় তৈরি করা হচ্ছে।’
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন– জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. হাফিজুর রহমনা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী প্রমুখ।








