গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে গুলি, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো, গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মানছারুল ইসলাম তামিম (২৫), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (২৮), আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান (৩৫), আব্দুল করিমের ছেলে নুরুল আমিন (৩০) ও নিজাম উদ্দিনের ছেলে শাহারিয়ার কাজল (৩৯)।
র্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে মঙ্গলবার রাতে অবস্থান করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা ওই এলাকার ময়মনসিংহ হোটেল অ্যান্ড দই মিষ্টি ঘরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে হাতেনাতে আটক করে। আটককৃতদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ২টি রাম-দা, ১টি ছুরি, ১টি পাইপ গান, পাইপ গানের ৫টি বুলেট, ৫টি মোবাইল ফোনসহ নগদ টাকা জব্দ করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, তারা দীর্ঘ দিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে আসছিল। তারা নারী পথচারীদের ধর্ষণও করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








