অর্থ উপার্জনের চিন্তা ছেড়ে সেবার মনোভাব নিয়ে কাজ করলে বেসরকারি হাসপাতালে মানুষের আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বুধবার (২ মে) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ডিকেএমসি হাসপাতাল লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘চিকিৎসা সেবায় উন্নত দেশের মতো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস চেষ্টা ও কঠোর পরিশ্রমে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে, বেড়েছে জিডিপির হার; পাল্টে যাচ্ছে গ্রামের চিত্রও।’
তিনি আরও বলেন, ‘দেশের সব বেসরকারি হাসপাতাল যদি অর্থনৈতিক লাভের চিন্তা না করে মানুষকে উন্নত সেবা দিতে পারে, তবে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি মানুষের আস্থা বাড়বে। যারা এই হাসপাতালের সঙ্গে যুক্ত, তাদের এই দিকে খেয়াল রাখতে হবে; যাতে মানুষ হাসপাতালে এসে উন্নত চিকিৎসাসেবা পায়।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের আমলে দেশের মানুষ ঠিকমতো স্বাস্থ্যসেবা পায়নি। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি সরকার সেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। এতে গ্রামের মানুষ অল্প পয়সায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্যসেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ও ডিকেএমসি হাসপাতালের উপদেষ্টা ডাক্তার এম এ কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন– ঢাকা সিটি করপোরেশনের সিইও মোহাম্মদ আব্দুল হাই, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল চন্দ্র সাহা, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, গাউছিয়া করপোরেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, ডিকেএমসি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মিসেস সালমা পারভীন, নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, পরিচালক শামসুল আলম প্রমুখ।








