নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাক্টর উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার এসআই শাহজাহান সরকার এ খবর নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই শাহজাহান সরকার জানান, আজ (শনিবার) বিকাল সাড়ে ৩টার দিকে পিতলগঞ্জ এলাকায় মোছলেছ ভূইয়ার বাড়ির সামনের সড়কে বালুবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় চালক নাঈম এবং তার দুই সহকারী শাহীন (২৪) ও সাত্তার হোসেন (৪০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ও সাত্তারকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে।








