কিশোরগঞ্জের করিমগঞ্জে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) বিকাল চারটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। কাদিরজঙ্গল ইউনিয়নের চানপুর গ্রামের একটি মাছের খামারের পাড়ে তাদের লাশ পাওয়া গেছে।
তারা হলেন- কাদিরজঙ্গল ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে আবু বাক্কার (২৮) ও একই ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের মাসুদ মিয়ার মেয়ে হিমা আক্তার (২২)। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘ঠিক কী কারণে স্বামী-স্ত্রীকে রাস্তায় হত্যা করা হয়েছে, তা এখনও বলা যাচ্ছে না। পারিবারিক বিরোধ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সবদিক বিবেচনায় রেখে পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে।’
পারিবারিক সূত্র জানায়, বিয়ের কিছুদিন পর হিমার সঙ্গে তার শাশুড়ি ও দেবরের বিরোধ শুরু হয়। এ বিরোধে হিমার স্বামী তার স্ত্রীর পক্ষ নিলে তার সঙ্গেও বিরোধ তৈরি হয়। কিছুদিন আগে হিমার বাবা তার মেয়েকে নিজের কাছে নিয়ে যান। এক সপ্তাহ আগে শ্বশুরবাড়ির লোকজনের অনুরোধ তিনি মেয়েকে শ্বশুরবাড়ি পাঠান। শুক্রবার দুপুরে স্বামী আবু বাক্কার স্ত্রীকে নিয়ে তার খালা হাসি বেগমের বাড়ি কিশোরগঞ্জ সদরের কালাইহাটি গ্রামে যাচ্ছিলেন। পথেই তারা হত্যার শিকার হন।
হিমার মা নার্গিস বেগম জানান, দুপুর দুইটার দিকে তার মেয়ের সঙ্গে ফোনে কথা হয়। হিমা তাকে জানিয়েছিল, তারা বেড়াতে যাচ্ছে। তার জন্য যেন কোনও চিন্তা না করে।
করিমগঞ্জ থানার ওসি জানান, স্বামী-স্ত্রী দুজনকে ধারালো কিছু দিয়ে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।








