মানিকগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এ কথা জানায় জেলা পুলিশ।
সংবাদ সম্মেলেন মানিকগঞ্জ সদর সার্কেল হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গত ২৬ জুন মধ্য রাতে সাটুরিয়া উপজেলার খলিলাবাদ এলাকায় সৌদি প্রবাসী ওয়াসিম মিয়ার বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালায়।
তিনি আরও জানান, সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান ও ওসি (তদন্ত) আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রথমে ডাকাত দলের প্রধান সোহেল রানাকে (২৮) ধামরাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া, সাভার ও ধামরাইসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ইমাম হোসেন (৩৬), আবু সাঈদ (২৭), মিরাজ (৩৪), মামুন (৫৫) ও রফিকুল ইসলামকে (২৭) গ্রেফকার করা হয়। গ্রেফতার সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানান সদর সার্কেল হাফিজুর রহমান।








