গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার (৭ জুলাই) সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকে অর্ধদিবস (সকাল ৬টা-দুপুর ২টা) হরতাল পালিত হচ্ছে। এ কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের সংখ্যা একেবারেই সীমিত দেখা গেছে। যাত্রী সাধারণের তেমন সমাগমও দেখা যায়নি।
মহাসড়কে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে কোনও পিকেটিং করতে দেখা যায়নি। জেলা শহর ও সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ডিউটি করতে দেখা গেছে।
সকাল ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, জেলা শহরের অভ্যন্তরীণ কিছু মিনিবাস যাত্রীর অপেক্ষায় আছে। সেক্ষেত্রে মহাসড়কে দূরপাল্লার যানবাহন ছিল না বললেই চলে। এছাড়া পণ্যবাহী ট্রাকের আধিক্যও চোখে পড়েনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে জানালেন, হরতালের প্রভাবে ঘাটে যানবাহন চাপ একেবারেই কম। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ৮টার পর্যন্ত শনিবার রাতে আটকে থাকা ১০০ পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনের চাপ নেই।








