শোলাকিয়ায় জঙ্গি হামলা: ২৪ আসামির মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১৯

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০৭ জুলাই ২০১৯, ১৮:১৪আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৮:৩৩

 

শোলাকিয়ায় হামলার (ফাইল ছবি)

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার তিন বছর আজ রবিবার (৭ জুলাই)। ২০১৬ সালের এই দিনে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতের আগে মাঠে প্রবেশপথের সবুজবাগ সংযোগ সড়কে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনের তল্লাশি চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে।

এ সময় জঙ্গিদের ছোড়া গ্রেনেড, গুলি ও চাপাতির আঘাতে দু'জন পুলিশ কনস্টেবল, একজন গৃহবধূ ও এক জঙ্গি নিহত হয়। এ ছাড়া আহত হন অন্তত ১৬ জন। এ ঘটনায় মোট ২৪ জনকে আসামি করে মামলা হয়। তাদের মধ্যে ১৯ জন আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিভিন্ন সময় মারা যায়।

শোলাকিয়ায় জঙ্গি হামলা ঘটনার পর পুলিশ ও র‌্যাবের অভিযানে গুরুতর আহত অবস্থায় শফিউল ইসলাম ডন নামে এক সশস্ত্র জঙ্গি এবং তানিম নামে স্থানীয় এক সন্দেহভাজন যুবক আটক হয়। এ মামলায় জীবিত পাঁচজনকে চার্জশিটভুক্ত আসামি করা হয়। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছে। আসামিরা হলো- কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকার জাহিদুল হক তানিম, গাইবান্ধার রাঘবপুর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাঁপাইনবাবগঞ্জের হাজারদিঘা গ্রামের মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধার পান্থাপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও কুষ্টিয়ার সাদিপুর কাবলিপাড়া গ্রামের আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ।

এদিকে সরকার এ ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। অন্যদিকে নিহত গৃহবধূ ঝর্ণা ভৌমিকের সন্তানকেও ব্যাংকে চাকরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

তিন বছরেও নৃশংস ওই জঙ্গি হামলার ঘটনা ভুলতে পারেননি শোলাকিয়াবাসী। আজও তাদের কানে ভেসে আসে গুলি আর বোমার শব্দ। আশপাশের বাড়িঘরের দেয়ালগুলোতে এখনও আবছা হয়ে ফুটে আছে গুলির চিহ্ন। এ ধরনের নৃশংস ও বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন কিশোরগঞ্জবাসী।

কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া রানী ভৌমিক বলেন, আমরা জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই।

হামলার ঘটনায় নিহত ঝর্ণা রানী ভৌমিকের শিশুপুত্র শুভ ভৌমিক বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার কেঁদে ওঠে সে। জানায়, ‘মা আমাকে অনেক আদর করতো। মাকে আমি আর এই জীবনে পাবো না। বছর ঘুরে এ দিনটি এলে আমার কোনও কিছুই ভালো লাগে না। রাতে ঘুমাতে পারি না।’

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক জানান, ইতোমধ্যে চাঞ্চল্যকর এ মামলার চার্জ গঠন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষ ও আদালত সাক্ষীর জন্য প্রস্তুত রয়েছেন। সাক্ষীর জন্য ২২ জুলাই তারিখ ধার্য করা আছে।

তিনি আরও বলেন, ‘এ মামলার আসামিদের প্রায় সবাই হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলারও আসামি। এদের মধ্যে ১৯ জন এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিতে পেরেছে।’

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ সর্বাধিক গুরুত্বের সঙ্গে তদন্ত শেষে মামলাটির চার্জশিট দিয়েছে। শোলাকিয়ায় জঙ্গি হামলা আমাদের জন্যও একটি বিশেষ বার্তা ছিল। আশা করছি শোলাকিয়া হামলার সব আসামিকেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। ’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সরকার ক্ষতিপূরণ দিয়েছে। আহতদেরও চিকিৎসার ব্যবস্থাসহ সহযোগিতা করা হচ্ছে। ’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম