নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে উপজেলা মিলনাতয়নে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান।
সকাল ১১টার দিকে উপজেলা মিলনায়তনে তাদেরকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। একাধিক প্রার্থীর একই প্রতীক দাবির পর লটারি প্রক্রিয়ায় বরাদ্ধ কার্যক্রম চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিককে নৌকা প্রতীক দেওয়া হয়। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার বাদশা লটারি প্রক্রিয়ায় পেয়েছেন নারিকেল গাছ প্রতীক, সাবেক মেয়র ও কাঞ্চন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ভূইয়া পেয়েছেন জগ ও জেলা যুবদলের সহ-সভাপতি একেএম আমিরুল ইসলাম পেয়েছেন মোবাইল ফোন প্রতীক। এছাড়া নির্বাচনে অংশ নেওয়া ৩২ কাউন্সিলর ও ছয় নারী কাউন্সিলর প্রার্থীর মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ও রূপগঞ্জ থানার ইন্সপেক্টর শফিউল আজমসহ অনেকে।
উল্লেখ্য, আগামী ২৫ জুলাই কাঞ্চন পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ৩৫ হাজার ৬৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৭৮ জন ও মহিলা ভোটার ১৭ হাজার ৪৮৭ জন। ৯টি ওয়ার্ডে মোট ১৮টি ভোটকেন্দ্রে ইভিএম প্রক্রিয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।








