তাবিজ করে, ভয় দেখিয়ে ছাত্রীদের কৌশলে রুমে ডেকে এনে ধর্ষণ করতো নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগর এলাকার দারুল হুদা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোস্তাফিজুর রহমান। এছাড়া মাদ্রাসায় পড়তে আসা তার আত্মীয় আট বছরের এক শিশুকেও একাধিকবার ধর্ষণ করে ওই শিক্ষক। রবিবার (২৮ জুলাই) সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব-১১-এর সিও কাজী শামসের উদ্দিন ।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১১-এর মেজর নাজমুছ সাকিব তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনসহ অনেকে। এর আগে শনিবার (২৭ জুলাই) দুপুরে মাদ্রাসার একাধিক ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে ফতুল্লায় দারুল হুদা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোস্তাফিজুরকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, মোস্তাফিজুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফতুল্লা থানায় মামলা হয়েছে। রবিবার দুপুরে নির্যাতনের শিকার এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
র্যাব আরও জানায়, অধ্যক্ষ মোস্তাফিজুর গত তিন বছরে মাদ্রাসার ১১ আবাসিক ছাত্রীকে তার রুমে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। তার মোবাইল ফোন ও ইলেকট্রনিকস ডিভাইস ঘেঁটে এর প্রমাণও পাওয়া গেছে। ধর্ষণের শিকার এসব ছাত্রীর মধ্যে কেউ মুখ খোলার চেষ্টা করলে তাদের নানা অপবাদ দিয়ে মাদ্রাসা থেকে বের করে দিতো সে।








