গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জন হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কাশিয়ানী, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে চার জনের পরিচয় মিলেছে। তারা হলেন- নড়াইল জেলার নড়াগাতি থানার জলাডাঙ্গা গ্রামের লোকমান মোল্লা (৬০), একই থানার ডুমুরিয়া গ্রামের গফফার মোল্লা (৬৫), কিবরিয়া মোল্লা (৫০) ও চান মিয়া (৩০)। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। নিহতরা দুর্ঘটনা কবলিত বাসের ছাদে করে গন্তব্যে যাচ্ছিলেন। এদের সবাই দিনমজুর। শ্রমিক হিসেবে কাজ করতে তারা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারে যাচ্ছিলেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কাশিয়ানী উপজেলার ব্যাসপুরগামী একটি লোকাল বাস ভাটিয়াপাড়া মোড়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিন বাসযাত্রী নিহত হন। আহত হন অন্তত ২৬ জন যাত্রী। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আরও একজন মারা যান। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৩০) আরও একজন প্রাণ হারান।
ঘটনার পর কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাঈন উদ্দিন ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।







