ধর্ষণসহ নানা পাপাচারে ন্যাচারাল গজব হিসেবে এডিস মশা এসেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে সাতটি ইউনিয়ন পরিষদকে ফগার মেশিন ও মশক নিধন ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘মশা বিনা কারণে আসে না। এই মশার উদ্ভব নমরুদের সময়। নমরুদ যখন দুনিয়ায় অনাচার করছিল, একটা মশা এসে তার নাক দিয়ে ঢুকে গিয়েছিল। ওই মশার নাম কী ছিল জানি না। মশার অত্যাচারে সে (নমরুদ) তার মাথায় বাড়ি দিতে বলছিল। মশা দিয়ে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন।’ তিনি বলেন, ‘দেশে তিন বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে। পাপাচার হচ্ছ। তাই ন্যাচারাল গজব নেমে এসেছে। তাই বলবো, তুমি তোমার মনকে স্বচ্ছ করো। তা না হলে আজকে এডিস মশা এসেছে, কাল আরেকটি মশা আসবে।’
নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য বলেন, ‘এডিস মশা দেখতে কালো না সাদা, দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে, তুমি তোমার বাড়িঘর পরিষ্কার রাখছো কিনা। সবাই সচেতন হলে মশা কামড়াতে পারবে না।’
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘ডেঙ্গু মাশা নিধনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। আর এভাবে মঞ্চে বসে কথা বললে হবে না। মানুষের মধ্যে গিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। স্কুলে শিক্ষার্থীদের ভালোভাবে বোঝাতে হবে। আমরা সচেতন হলে মশা কোনও ক্ষতি করতে পারবে না।’
শামীম ওসমান বলেন, ‘এডিস মশা ও ডেঙ্গু নিয়ে আতঙ্ক সৃষ্টি করছে একশ্রেণির মানুষ। যতটুকু সমস্যা, তার চেয়ে বেশি বলে—অপপ্রচার করা হচ্ছে। বিশেষ করে সাংবাদিকরা একটু বাড়িয়ে লিখছেন।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের লিংক রোডকে রাজধানীর হাতিরঝিলের চেয়ে সুন্দর করবো বলে চিন্তা করছি। কিন্তু রাস্তার পাশ ময়লার ভাগাড়ে পরিণত করে রেখেছে সিটি করপোরেশন। ময়লার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। নারায়ণগঞ্জে আসা-যাওয়ার পথে ময়লার দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে। নারায়ণগঞ্জে কোনও ময়লার ভাগাড় দেখতে চাই না। সুন্দর একটি নারায়ণগঞ্জ দেখতে চাই।’








