জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাকসু’র গঠনতন্ত্রের ৮(ঙ) ধারা অনুযায়ী অধ্যাপক আব্দুল মান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন নিয়োগ করা হবে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ বলেন, ‘যাবতীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করা হবে।’
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক মান্নান বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ এর সভাপতি। সংগঠনটির সদস্যরা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামপন্থী শিক্ষক হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘দীর্ঘ ২৭ বছর জাকসু নির্বাচন না হওয়ায় এখন এটি আয়োজন করা একটা বড় চ্যালেঞ্জ। অবশ্যই নির্বাচন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। শিগগিরই এর কার্যক্রম শুরু করবো। আমি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।’
গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সিনেট অধিবেশনের আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দেন উপাচার্য।








