ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে এক তরুণী মারা গেছেন। তার নাম শারমীন (২২)। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে এই ঘটনা ঘটে। শারমীন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেলের মেয়ে।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কামদা প্রসাদ সাহা এই তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, গত ২৮ জুলাই রবিবার শারমীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি এই হাসপাতালের আট নম্বর ওয়ার্ড মহিলা মেডিসিনের দুই নম্বর ইউনিটে ভর্তি ছিলেন। হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, গত ২০ জুলাই থেকে এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়। এ পর্যন্ত এ হাসপাতালে মোট ৮৮ জন চিকিৎসার জন্য আসেন। এরমধ্যে তিন জনকে ঢাকায় স্থনান্তর করা হয়। হাসপাতালে দুপুর পর্যন্ত মোট ৬৫ জন চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ২৯ জুলাই ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্দ হয়ে এসে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে মারা যান ফরিদপুরের চরভদ্রাসন এলাকার সেলিম বিশ্বাস।








