মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্যের দুই ভাতিজার বাড়ি থেকে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এঘটনায় পুলিশ ওই ইউপি সদস্যের দুই ভাতিজাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় নারী ইউপি সদস্য হালিমা বেগমসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে নারী ইউপি সদস্য পলাতক রয়েছেন।
দৌলতপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার কর্মকার এ কথা জানান।
তিনি জানান, সোমবার বাঘুটিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউপি সদস্য হালিমা বেগম ভিজিএফের চাল বিতরণ না করে আত্মসাত করেছেন বলে খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলা ভূমি কর্মকর্তা জুয়েল আহমেদ ও প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আব্দুল আলিমের নেতৃত্বে বাসাইল গ্রামে অভিযান চালানো হয়। এসময় নারী ইউপি সদস্য হালিমা বেগমের ভাতিজা বাদল মিয়া ও রুবেল মিয়ার ঘর থেকে প্রায় ১৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের রিসোর্স কর্মকর্তা সাইফুল ইসলাম বাদী হয়ে হালিমা বেগমসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।








