গোপালগঞ্জে গত ৪৮ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ সদর হাসপাতালে ২৪ জন, টুঙ্গিপাড়ায় চার জন ও মুকসুদপুর হাসপাতালে একজন নতুন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ নিয়ে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৮১ জনে দাঁড়ালো। এর মধ্যে হাসপাতালগুলোতে ভর্তি আছেন মোট ৩৮ জন। আর চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন ৪৩ জন। ঈদের আগে ও পরে ডেঙ্গু রোগীর সংখ্যা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
এদিকে, গোপালগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু শনাক্তের কিট শেষ হওয়ায় ডেঙ্গু পরীক্ষা করতে পারছেন না বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক। তবে, তিনি জানিয়েছেন, ইতোমধ্যে নতুন কিট কেনা হয়েছে। সেগুলো আসলে ডেঙ্গু রোগ পরীক্ষা করতে আর কোনও অসুবিধা থাকবে না।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় বুধবার দুপুর পর্যন্ত মোট ৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর হাসপাতালে ৬৪ জন, টুঙ্গিপাড়া হাসপাতালে ১২ জন, মুকসুদপুর হাসপাতাল চার জন ও কাশিয়ানী হাসপাতালে একজন। এর মধ্যে ৪৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।








