নারায়ণগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ ও ছবি ধারণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার নাম সাব্বির আহম্মেদ মেহেদী (২৭)। সোমবার (২৬ আগস্ট) বিকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, সাব্বির আহম্মেদ মেহেদী নৌ-পুলিশের একজন সদস্য। তিনি ঢাকায় কর্মরত আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, একজন নারী ধর্ষণের অভিযোগ এনে সাব্বির আহম্মেদ মেহেদীকে আসামি করে মামলা দায়ের করেছেন। সোমবার বিকালে সদর মডেল থানায় তিনি মামলা দায়ের করেন। ৭ আগস্ট শহরের উত্তর চাষাড়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে তিনি উল্লেখ করেন। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে।
মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, তার সন্তান ঢাকার স্কুলে পড়ে। ছেলেকে স্কুলে আনা নেওয়ার সময় সাব্বির আহম্মেদ মেহেদীর সঙ্গে তার পরিচয় হয়। পরে ফোনে কথাবার্তাও হয়। গত ৭ আগস্ট সাব্বির তাকে ফোন করে দেখা করতে চান। তিনি চাষাড়ায় আছেন জানালে সাব্বির তার সঙ্গে দেখা করে। সেখান থেকে উত্তর চাষাড়ায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। এ সময় মেহেদীর হাতে একটি কোমল পানীয়র বোতল ছিল। ওই বোতলে আগে থেকেই নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাখা হয়েছিল। ওই পানীয় পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে মেহেদী তাকে ধর্ষণ করে ছবি তুলে রাখে। এসব ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেহেদী তার কাছে তিন লাখ টাকা দাবি করেন। এরমধ্যে একবার ২ লাখ টাকা এবং পরের বার ৩০ হাজার টাকা তিনি মেহেদীকে দেন। এতেও মেহেদী সন্তুষ্ট না হয়ে আরও টাকা দাবি করলে তিনি মামলা করে আইনের আশ্রয় নিতে বাধ্য হন।
সাব্বির আহম্মেদ মেহেদী চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মালিগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার পদ্মকুঁড়ি স্কুল সংলগ্ন মিজানুর রহমানের বাড়িতে তিনি ভাড়া থাকেন বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।








