মানিকগঞ্জ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে জেলার সিংগাইর উপজেলার চর নয়াবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান এ কথা জানান।
আটক ব্যক্তিরা হলো, সিংগাইর উপজেলার পারিল বলধারা গ্রামের মৃত বাসের আলীর ছেলে আজাদ (৩১), একই উপজেলার চারিগ্রামের (উত্তর জাইল্যা) মো. জিন্নত আলীর ছেলে মঞ্জুর হোসেন (৩২), ওই গ্রামের মো. ইমান আলরি ছেলে মো. কামরুল হাসান (২৮) ও চারিগ্রাম এলাকার রহমত আলীর ছেলে ফরশেদ আলম (জুয়েল) (৩৪)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার এবং ডিবি পুলিশের পরিদর্শক মো. মুঈদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। তাদের সিংগাইরের চর নয়াবাড়ী গ্রামের আক্কাছ আলীর বাড়ির পাশের কাঁচা রাস্তার ওপর থেকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিংগাইর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান।








