ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গণপরিবহনের ভাড়া ৩৫ টাকার পরিবর্তে ৩০ টাকা করাসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটি।
শনিবার (৩১ আগস্ট) বিকালে নগরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা সম্পাদক মন্ডলির সদস্য বিমল কান্তি দাস প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি চার্ট অনুযায়ী ৩০ টাকার বেশি বাস ভাড়া হতে পারে না। একটা সিন্ডিকেটের কারণেই এই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। জনগণের দাবি অনুযায়ী ভাড়া কমানোর ব্যবস্থা নেওয়া হোক।
জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।








