খালেদা জিয়ার মুক্তি না হলে এ দেশে গণতন্ত্র মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা এই ফ্যাসিস্ট সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাই না। দেশের জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনবো।’
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা পার্টি অফিসের সামনে এক র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি খুশি হবেন যদি খালেদা জিয়া কারাগারে মারা যান। সরকারের নীলনকশার কারণেই আজ খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। রাতের আঁধারে ভোট ডাকাতির মাধ্যমে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্ষমতায় এখনও টিকে আছে।’
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘এই অবৈধ সরকার বিএনপিকে ধবংস করতে নেতাকর্মীদের নামে শত শত মামলা, হামলা ও পুলিশ দিয়ে যেভাবে নির্যাতন করেছে তাতে বিএনপি টিকে থাকার কথা নয়। কিন্তু বিএনপিকে মানুষ ভালোবাসে বলেই সরকারের সব হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এখনও বিএনপির ডাকে সাড়া দিচ্ছে। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন ঘটাবো।’
র্যালি উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি আলহাজ মো. নাজিম উদ্দিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান নাসের, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অনেকে।








